দেশের উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করা হবে।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ডের মাধ্যমে সারাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০০ কোটি টাকা বিতরণ করা হবে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ৪০ কোটি টাকা জামানতবিহীন ঋণ প্রদান করবে।
উদ্যোক্তারা ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। বিশেষভাবে নারী নেতৃত্বাধীন উদ্যোগ, উৎপাদন খাত এবং ক্লাস্টারভিত্তিক ব্যবসাগুলোকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে।
চুক্তির লক্ষ্য সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়বে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের এমডি বলেন, এ উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।