পবিত্র রমজান মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করছে দেশের শীর্ষ¯ স্থানীয় নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস'। এ উদ্যোগের অংশ হিসেবে রমজানে দেশের ১২টি এতিমখানায় ৮ হাজারের অধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার পৌঁছে দেয়া হয়েছে।
মিস্টার নুডলস এর জেনারেল ম্যানেজার (বিপণন) তোষন পাল বলেন, গত সাত বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মিস্টার নুডলসের পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়েছে । এ বছরও ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার এতিমখানায় ইফতার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতেই এই ইফতার আয়োজন করা হয়েছে।
পবিত্র সিয়াম সাধনার মাসে রোজাদার এতিম শিক্ষার্থীদের ইফতারে শরিক হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত । আমাদের এ উদ্যোগ আগামী বছরগুলোতেও চলমান থাকবে”।