কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান ও তার ৮ সহযোগীকে আটক করা হয়েছে। এসময় ডাকাতের কবলে পড়া ৪ জেলে উদ্ধার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার বিকাল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে, বোটিতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতের কবলে পড়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সমুদ্রে ডাকাতি করে আসছিলো।
উদ্ধারকৃত জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।