আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার। জুলাই বিপ্লব-পরবর্তী এই নির্বাচনের দিন থাকছে সাধারণ ছুটি। তবে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে শ্রমিকদের জন্য আজ মঙ্গলবার এবং অন্য সবার জন্য আগামীকাল বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে টানা বড় ছুটি পাওয়ায় এবার ভোট দিতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ।
দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চে করে বাড়ি ফিরছেন তারা। বাড়ি ফিরতে আগাম টিকিট সংগ্রহকারীরা স্বস্তিতে থাকলেও তাৎক্ষণিক টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন অন্যরা।
গতকাল সোমবার রাজধানীর বাসটার্মিনাল, ট্রেন স্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটি শুরু হওয়ায় তাদের ভিড় বেশি দেখা যায়। অন্যান্য খাতের কর্মজীবীদেরও বাড়ি ফিরতে দেখা গেছে এদিন। পুরুষের পাশাপাশি নারী যাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায় বাস, ট্রেন ও লঞ্চের টিকিট আগাম সংগ্রহ করেছেন অনেকেই। সে অনুযায়ী যাত্রীতে পূর্ণ হয়ে যানবাহনগুলো ছাড়ছে, যাত্রীরাও রয়েছেন স্বস্তিতে। তবে বেশির ভাগ টিকিট আগাম বিক্রি হয়ে যাওয়ায় অনলাইন-অফলাইনে তা মিলছে না। ফলে বাস টার্মিনাল থেকে অনেককে অস্বস্তি নিয়ে ফিরতে হচ্ছে। আবার যাত্রীর চাপ থাকায় অতিরিক্ত বাসও ছাড়ছে কিছু কোম্পানি। তবে ট্রেন ও লঞ্চে ভিড় থাকলেও বাসের মতো বিপাকে পড়তে হচ্ছে না যাত্রীদের।
ইলিয়াস হোসেন নামে একজন জানান, নিজ জেলার ভোটার হওয়ায় তার স্বজনেরা বাড়িতে যাবেন। তাদের জন্য অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়ে দেখছেন, সব টিকিট আগেই বুকিং করা হয়েছে। ফলে এখন বিকল্প উপায়ে তাদের বাড়ি পাঠানোর কথা ভাবতে হচ্ছে।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন টিকিট সংগ্রহ করতে না পারা কয়েকজন। সায়েদাবাদ বাসটার্মিলালের কাউন্টারগুলোর লোকজন জানান, নির্বাচনের ছুটির কারণে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীদের চাপ বেশি। অনেকে আগাম টিকিট সংগ্রহ করেছেন। তাদের নিয়ে যথারীতি বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। যাত্রীর চাপ থাকায় কিছু কোম্পানি অতিরিক্ত বাস পরিচালনা করছে।
গত বুধবার নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়, যা পরদিন উপদেষ্টা পরিষদ অনুমোদন করে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য মঙ্গলবার আলাদা ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। সরকারিসহ অন্য চাকরিজীবীরা বুধবার ছুটি পাওয়ায় চার দিনের টানা ছুটি পাচ্ছেন।
তিনি বলেন, ঢাকা, শিল্পনগরী বা অন্যান্য বড় শহরের বাসিন্দাদের অনেকেই নিজ নিজ এলাকার ভোটার। হাসিনা আমলের বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। এবার তাদের এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার।