হোম > আইন-আদালত

স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক রাসেল সরদার আসামি কামরুল হাসান রিপনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেন।

রিমান্ড শুনানির আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট ওবায়দুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। কামরুল হাসান রিপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এর আগে গত সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু লোকজন রিপনকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত দীন ইসলাম বেপারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রাতে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে একটি মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় দীন ইসলাম বেপারীর শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইনুর ১০ বছর কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

উগ্রবাদ ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১২ যুবক তিন দিনের রিমান্ড

উগ্রবাদী তৎপরতা: ১১ যুবকের ৭ দিনের রিমান্ড আবেদন সিটিটিসির

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি