হোম > জাতীয়

ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ

স্টাফ রিপোর্টার

আজ পহেলা ফাল্গুন; ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বাঙালির মননে উৎসবের আমেজ। ষড়ঋতুর এই দেশে বাঙালি প্রতি বছরই উৎসবমুখর বসন্তের অপেক্ষায় থাকে। বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত এলে গাছে গাছে পলাশ আর শিমুলের ফুলে ভরে ওঠে চারদিক।

গতকাল শুক্রবার মাঘের শেষদিন থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বসন্ত উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়েছে।

ফাল্গুনের প্রথম দিন এ বছর কিছুটা অন্য রকমও বটে। বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন ও ইংরেজি মাসের ১৪ ফেব্রুয়ারি মিলেছে এক সুতোয়। এদিনে বসন্ত উৎসবের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবস উৎসব পালন করবেন দেশের তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষ। এছাড়া দীর্ঘদিন পর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবার অংশগ্রহণে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের ডামাডোলের মাঝেই বসন্ত উৎসব এনেছে ভিন্ন এক আমেজ।

অন্যদিকে দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবেও পালন করে বিভিন্ন সংগঠন। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি মজিদ খান কমিশনের গণবিরোধী শিক্ষানীতি প্রত্যাখ্যান করে সচিবালয় অভিমুখী ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন জয়নাল, জাফর, মোজাম্মেল, দিপালী, কাঞ্চনসহ অনেকে। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করা হবে। এছাড়া বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে একুশের বইমেলায় প্রতি বছরই উৎসবের আমেজ তৈরি হয়। নির্বাচনের জন্য বইমেলা পিছিয়ে যাওয়ায় এবারের বসন্তে থাকছে না বইমেলায় ঘুরে বেড়ানোর আনন্দ।

১৪ ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ‘ভ্যালেনটাইনস ডে’ উদযাপনের বিষয়ে ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিষ্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেনটাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিষ্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইউর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। তখন থেকে বিশ্বব্যাপী ধীরে ধীরে এটি পালন করা হয়।

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘বসন্ত উৎসব’ করবে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজ সকাল সাড়ে ৭টায় সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীত পরিবেশন করবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। এই পরিবেশনার মধ্যদিয়ে উৎসবের সূচনা হবে। পরে বিভিন্ন নৃত্য ও সংগীত দলের পরিবেশনা থাকবে। এছাড়া একক শিল্পী, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময় অনুষ্ঠিত হবে।

উৎসবে দলীয় সঙ্গীতে অংশ নেবে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, পঞ্চভাস্কর, বুলবুল ললিতকলা একাডেমি, সুরতীর্থ ও কেন্দ্রীয় খেলাঘর আসর।

দলীয় নৃত্যে আসছে, কথক নৃত্য সম্প্রদায়, ধৃতি নর্তনালয়, ভাবনা, নৃত্যাক্ষ, জাগো আর্ট সেন্টার, বুলবুল ললিতকলা একাডেমি, স্পন্দন, মম কালচারাল সেন্টার, ফিফা চাকমা গারো কালচারাল একাডেমি, আঙ্গিকাম, সাধনা, তুরঙ্গমী, নন্দ শিল্প একাডেমি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, বাংলাদেশ একাডেমি অব পারফর্মিং আর্ট ও কেন্দ্রীয় খেলাঘর আসর।

একক সংগীতে অংশ নেবেন ফাহিম হোসেন চৌধুরী, সুচি দেবনাথ, অনিমা রায়, বিজন চন্দ্র মিস্ত্রি, বিমান চন্দ্র বিশ্বাস, আরিফ রহমান, ফেরদৌসী কাকলি ও আবিদা রহমান সেতু। আবৃত্তিতে আছেন ভাস্কর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও আহসান দিপু।

ভারতীয় মিডিয়ার চোখে বিএনপির বিজয়

বিজয়ীদের গেজেটে স্বাক্ষর করলো ইসি

জানা গেল কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিজয়ী সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল

মন্ত্রিসভার বিষয়ে যা জানালেন সালাহউদ্দিন

তারেক রহমানকে চীনের অভিনন্দন

বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন নেপালের প্রধানমন্ত্রী

যে ৪২ দলের নির্বাচিত হয়নি কেউই

গেজেট প্রকাশের বিষয়ে যা জানালেন ইসি সচিব