বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন—বুধবার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এ সংবাদের প্রতিক্রিয়ায় তিনি এই কৃতজ্ঞতা জানান।
বুধবার বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তারেক রহমান বলেন, জাতির এক ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এ অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।
তিনি বলেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করছি।
এদিকে, আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ধারার কয়েকজন শীর্ষ আলেম ও ইসলামী নেতা বিএনপি এবং দলটির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রতি সমর্থন জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সমর্থনের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখা এবং ‘নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন।
একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকজন আলেম জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে ভিন্নমতাবলম্বী আলেমদের বিরুদ্ধে উগ্র আচরণ করা হচ্ছে।
সমর্থন জানানো নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান শায়েখ মাহমুদুল হাসান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকসহ কয়েকজন। এছাড়া বিভিন্ন দরবার ও খানকার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক নেতা তার বক্তব্যে বলেন, আগামী দিনে দেশকে ‘চরমপন্থা ও বিজাতীয় আদর্শ’ থেকে রক্ষা করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই।