ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কেন্দ্র ও প্রদেশে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই রাজনীতিবিদের ১৭ সেকেন্ডের ভিডিওটি তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি ভিডিওটিতে দেখা যায়, হিমন্ত বিশ্বশর্মা মুসলমানদের ছবি লক্ষ্য করে গুলি করছেন।
বিজেপির আসাম শাখার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে গত শনিবার ভিডিওটি শেয়ার করা হয়। মূলত ভিডিওটির মাধ্যমে মুসলমানদের ওপর গণহত্যা চালানোরই উসকানি দিলেন আসামের মুখ্যমন্ত্রী। তবে সাধারণ মানুষের ক্ষোভ ও বিরোধী রাজনীতিবিদদের সমালোচনার মুখে শেষ পর্যন্ত ভিডিওটি ডিলিট করে আসাম বিজেপি।
ভিডিওতে দেখা যায়, হিমন্ত বিশ্বশর্মা একটি রাইফেল হাতে গুলি করছেন। পরের ফুটেজে এআইয়ের কাজ করা দুই মুসলমানের ছবিতে গুলিবিদ্ধ হচ্ছে। ওই ছবিতে লেখা ছিলÑ‘কোনো ক্ষমা হবে না’।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছবির দুই মুসলমানের একজন বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থানীয় এক এমপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গুলিবিদ্ধ হওয়ার পরের ফুটেজে হিমন্ত বিশ্বশর্মাকে পিস্তল হাতে আমেরিকান কাউবয়ের পোশাকে উপস্থাপন করা হয় এবং এতে লেখা ভেসে ওঠেÑ‘বিদেশিমুক্ত আসাম’।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসামের বিজেপি নেতা রঞ্জিব কুমার শর্মা বলেন, ‘কোনো মন্তব্য করা হবে না। এটি ডিলিট করা হয়েছে। আর কিছুই বলার নেই।’
এদিকে হিমন্ত বিশ্বশর্মার ভিডিওর ঘটনায় তার বিরুদ্ধে পদক্ষেপের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) নেতা আন্নি রাজা। গতকাল মঙ্গলবার তিনি এ আবেদন করেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল।
পরে ভারতীয় জাতীয় কংগ্রেসের আসাম শাখা বিজেপির বিরুদ্ধে উসকানিমূলক ভিডিওর জন্য মামলা দায়ের করে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আসামের বিধানসভার কংগ্রেসদলীয় সদস্য শিবামুনি বোড়া ও দিগন্ত বর্মণ গুয়াহাটির দিসপুর থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে গত সোমবার সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি তেলেঙ্গানা পুলিশে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ করেন।
মুসলিমবিরোধী বিদ্বেষ ছড়ানোর দীর্ঘ ইতিহাস রয়েছে হিমন্ত বিশ্বশর্মার। আগামী মার্চ-এপ্রিলে প্রাদেশিক নির্বাচনের কথা রয়েছে। নির্বাচনকে ঘিরেই বিজেপির মুসলিমবিদ্বেষী প্রচারের অংশ হিসেবেই ওই ভিডিও ছাড়া হয়েছে মনে করা হচ্ছে।
সম্প্রতি নতুন করে আসামের বাংলা ভাষাভাষী মুসলমানদের লক্ষ্য করে বিষোদ্গার চালিয়ে যাচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। তাদের বিরুদ্ধে অপরাধ ও জনসংখ্যাগত পরিবর্তনের অভিযোগ করছেন তিনি। মুসলমানদের তাড়িয়ে দিতে সব ধরনের প্রচেষ্টা চালানোর কথা বলছেন তিনি।
গত জানুয়ারিতে এক বক্তব্যে তিনি বলেন, ‘রিকশা ভাড়া কম দেওয়ার মতো ছোট ছোট কাজের মাধ্যমে তাদের জন্য সমস্যা তৈরি করুন। তারা যদি পাঁচ রুপি চায়, তাদের চার রুপি দেবেন। যদি তারা দুর্ভোগে পড়ে, তবেই তারা আসাম ছেড়ে যাবে।’
এর আগে সেপ্টেম্বরে আসাম বিজেপি আরেকটি এআইয়ে তৈরি করা ভিডিও প্রচার করে। ‘বিজেপি ছাড়া আসাম’ শিরোনামের ওই ভিডিওতে দেখানো হয়, রাজ্যের সবকিছু মুসলমানরা দখল করে নিয়েছে।