সংবাদ সম্মেলনে দাবি

পুলিশের বিরুদ্ধে প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

পুলিশের বিরুদ্ধে প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ
ছবি: আমার দেশ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিরুদ্ধে প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের পর বসতঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিকার চেয়ে জড়িতদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোদামপাড়ার মালেয়শিয়াপ্রবাসী শাহজাহানের স্ত্রী শাহেনা আকতার। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২৯ জুন দিবাগত গভীর রাতে ঈদগাঁও থানার ওসি এ টি এম শিফাতুল মাজদারের নেতৃত্বে এসআই আশরাফ ও এএসআই জহিরসহ পুলিশ দল ভাড়াটিয়া একদল লোক নিয়ে যুক্তিসংগত কোনো কারণ ছাড়া অভিযোগকারীর ঘরে প্রবেশ করে।

বিজ্ঞাপন

এ সময় তারা প্রবাসী শাহজাহানের বৃদ্ধ মা ও স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন । একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ও বৃদ্ধ মাকে পরদিন বিচারের আশ্বাসে মধ্যরাতে ঘর থেকে বের করে দেন। এই সুযোগে পরদিন প্রবাসীর ডিভোর্সি প্রথম স্ত্রী শাহেদা সুলতানা বিউটিকে সুকৌশলে বসতঘরে প্রবেশের সুযোগ করে দেয় পুলিশ, যা ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয় ও চরম ক্ষতিগ্রস্ত করে।

এ ঘটনায় প্রবাসীর ভুক্তভোগী স্ত্রী ইয়াছমিন আক্তার বাদী হয়ে পুলিশ সুপার বরাবর সোমবার (১ জুন) ওসিসহ অপর দুই কর্মকর্তা এসআই আশরাফ ও এএসআই জহিরকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।

ইতিপূর্বে এ ঘটনায় ৩১ জুন প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রী শাহেনা আক্তার ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও অপরাপর দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সংঘটিত ঘটনার বিস্তারিত উল্লেখ করে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনও করেছেন।

উপরোক্ত অভিযোগের বিষয়ে ওসি এ টি এম সিফাতুল মাজদারে সঙ্গে কথা হলে জানান, প্রথম স্ত্রীর পরকীয়া ইস্যুকে কেন্দ্র করে তালাক ও স্বামীর ঘরে অবস্থান নিয়ে দুই স্ত্রীর মধ্যে সৃষ্ট বিরোধের জেরে ঘটনার দিন দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর মেজো মেয়েকে ঘরে আটকে রাখার সংবাদে ওই কর্মকর্তাদ্বয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় ওই মেয়েকে উদ্ধার করে। অভিযোগে উল্লেখ করা অন্য সব তথ্য ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন