ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভিডাব্লিউবি কর্মসূচির ৩০ কেজি চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা বস্তা বিতরণকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে গুনবহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মাঝে এসব চাল বিতরণ করতে দেখা যায়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ইউনিয়ন পরিষদেই নয়—উপজেলা খাদ্য গুদামেও শত শত বস্তায় একই স্লোগান লেখা রয়েছে।
ভিডাব্লিউবি (VWB – Vulnerable Women Benefit) বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। গ্রামীণ দুঃস্থ নারীদের জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে এ কর্মসূচির আওতায় প্রতি মাসে খাদ্য সহায়তা দেওয়া হয়। এটি আগের ভিজিডি (VGD) কর্মসূচির নতুন রূপ।
গুনবহা ইউনিয়নের উপকারভোগী মো. আতিয়ার বলেন, “আমি গরিব মানুষ। শিশু কার্ডের ৩০ কেজি চাল পেয়েছি। বস্তায় শেখ হাসিনার নাম লেখা রয়েছে।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, চালের বস্তায় এখনো ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা রয়েছে। বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং সরকারের কাছে অনুরোধ জানানো হবে, ভবিষ্যতে যেন এ ধরনের স্লোগান বা নাম ব্যবহার না করা হয়।
বিষয়টি নিয়ে বোয়ালমারী এলএসডি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, যেসব বস্তায় স্লোগান রয়েছে সেগুলো রং দিয়ে মুছে দেওয়া হচ্ছে। যেখান থেকে বস্তা পাঠানো হয়েছে, সেখান থেকেই মুছে দেওয়ার কথা ছিল বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে পুরোনো মজুদের বস্তা বলে উল্লেখ করছেন, আবার কেউ বলছেন সরকারি সহায়তার বস্তায় রাজনৈতিক স্লোগান থাকা উচিত নয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন এলাকাবাসী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

