বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সরকার সারাদেশে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকডিহি ইউনিয়ন পরিষদ থেকে পীরেরহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, “গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। আধুনিক সড়ক যোগাযোগ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। জনগণের প্রত্যাশা পূরণে এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী, জেলা বিএনপির নেতা রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপির নেতা সাঈদ আহমেদ সেলিম বুলবুল, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর উপজেলা বিএনপির নেতা নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার এবং সহকারী অধ্যাপক মেজবাহুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকাল থেকে হুইপ আখতারুজ্জামান মিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন। তিনি বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এছাড়া তেঁতুলিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজার থেকে ভূষিরবন্দর পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ফতেজংপুর ইউনিয়ন পরিষদ থেকে পীরেরহাট জিসি সড়ক পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয় ও ডাঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

