আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

সোমবার বেলা পৌনে ১১ টার দিকে টঙ্গী বাজারের কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ করেন। এসময় তারা তুরাগ নদের উপর অতিদ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, আমিনুল ইসলাম লিটু, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, মুকুলসহ ব্যবসায়ীসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বাসিন্দারা।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা ও এলাকবাসাী জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে দীর্ঘদিন যাবত টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়াও টঙ্গী বাজার হলো অত্র এলাকার মানুষের জন্য একমাত্র বড় বাজার। এ বাজারে প্রায় ২৫হাজার দোকানপাট রয়েছে।

এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিনিয়ত লাখ লাখ মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশের বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে নিয়ে গেছে। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় মালামাল কিনে উড়াল সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। উড়াল সড়কে রিকশা ভ্যান চলাচল করতে না পারায় এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন