নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে নবীগঞ্জ থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এছাড়া হোসাইন তালুকদার গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্য সচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডিডিএ)-এর সদস্য পরিচয় ব্যবহার করে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলেন।

গত সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করেন হোসাইন আহমেদ। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন