আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিতার আসন পুনরুদ্ধার করতে চান তাপস

জালাল উদ্দিন মনির, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া

পিতার আসন পুনরুদ্ধার করতে চান তাপস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার চারবার পিতার দখলে থাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন পুনরুদ্ধার চান জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

বিজ্ঞাপন

তার পিতা বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১ সালে জাতীয় পার্টি ও ২০০১ সালে চারদলীয় ঐক্যজোট থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে তার মৃত্যুর পর ছেলে কাজী নাজমুল হোসেন তাপস দলের হাল ধরেন। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাপস বলেন, আমার বাবা একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। নবীনগরবাসী আমার বাবাকে চারবার নির্বাচিত করেছেন। বাবার হারানো সেই আসনটি পুনরুদ্ধার করতেই আমি মাঠে নেমেছি। জাতীয়তাবাদী দলের বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। দলীয়ভাবে যাকেই এ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে, তার হয়েই ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ ও হযরত আলী বলেন, এই আসনে জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করতে কাজী নাজমুল হোসেন তাপসের বিকল্প কাউকে নিয়ে চিন্তা করার সময় নেই।

সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন বলেন, কাজী নাজমুল হোসেন তাপস তার পিতার মতো নবীনগরে প্রতিটি গ্রামেগঞ্জে হাট-বাজারে ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মন জয় করছেন। পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন নবীনগরবাসীর কাছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, তাপস ভাই দলীয় নেতাকর্মীদের বিপদে আপদে সব সময়ই পাশে ছিলেন এবং আছেন। উনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আশা করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তা ও ক্লিন ইমেজের দিক বিবেচনা করে তাপস ভাইয়ের হাতে বিএনপির হাই কমান্ড আবারও ধানের শীষ প্রতীক তুলে দিবেন।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয়তার দিক বিবেচনা করা হলে সকল পেশার মানুষের কাছে জনমত জরিপে কাজী নাজমুল হোসেন তাপস এগিয়ে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন