কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার সকালে উপজেলার কামারকোনা পৌর জামায়াত কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী, উপজেলা অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার এবং উপজেলা মানবসম্পদ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টারসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তারা আরও বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত নানা সংকট দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অপরিহার্য।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমও পরিচালিত হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...