বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির ১৩ নম্বর সদস্য হয়েছেন জি কে গউছ। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচি থাকবে এর অন্তর্ভুক্ত। এ সব আয়োজনের সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে গঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কমিটিতে জি কে গউছের অন্তর্ভুক্ত করা সিলেট অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছকে অন্তর্ভুক্ত করা সিলেট বিভাগের জন্য একটি গৌরবের বিষয়। তার নেতৃত্ব ও কর্মদক্ষতা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বলেন, জি কে গউছ ভাইকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করায় নেতাকর্মীদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার মতো সাহসী নেতাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া সঠিক সিদ্ধান্ত।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী বলেন, আমাদের হবিগঞ্জসহ পুরো সিলেট বিভাগের বিএনপি পরিবার আজ আরও অনুপ্রাণিত। জি কে গউছের যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে সাফল্যমণ্ডিত, আর এ উদ্দীপনা আন্দোলনের মাঠেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত সুনামগঞ্জের নেতাকর্মীদের মধ্যেও আনন্দ ও আশা জাগিয়েছে। জি কে গউছ সবসময় সাহসী ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি, তার সম্পৃক্ততা বিএনপিকে ঐক্যবদ্ধ ও আন্দোলনকে বেগবান করবে।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, জি কে গউছ সিলেটের রাজনীতিতে ত্যাগী নেতৃত্বের প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় কমিটিতে তার অন্তর্ভুক্তি আমাদের জন্য গর্বের।
এ বিষয়ে জি কে গউছ বলেন, বিএনপি জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু স্মরণ নয় বরং নতুন শপথের দিন। এ কর্মসূচির মাধ্যমে আমরা সারাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন গতি আনব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

