চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলেন-সদর উপজেলার বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে জেসমিন খাতুন ও চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় জেসমিন ও ইসরাত। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুর লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পদ্মা নদীতে তল্লাশি অভিযান চালিয়ে জেসমিন ও ইশরাতের লাশ উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

