আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আকাশে ড্রোন, মাটিতে ডগ স্কোয়াড

সিলেট বিভাগে নির্বাচন সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তা

খালেদ আহমদ, সিলেট

সিলেট বিভাগে নির্বাচন সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তা
ছবি : আমার দেশ

১২ ফেব্রুয়ারি বহুল প্রত্যাশিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা গ্রামেগঞ্জে, শহরবন্দরে। লোকজন ছুটে যাচ্ছে গ্রামের বাড়িতে ঈদ উৎসবের আমেজে। যে দৃশ্য অনেক বছর চোখে পড়েনি।

সরকারের পক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিলেটজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আকাশে টহল দিচ্ছে ড্রোন, আর মাটিতে সক্রিয় রয়েছে বিস্ফোরক শনাক্তকারী ডগ স্কোয়াড।আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীতো আছেই।

বিজ্ঞাপন

সিলেট বিভাগের ৪ জেলায় ১৯টি আসনে মোট ভোটার প্রায় ৯১ লাখ ৬৮ হাজার। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ সনাতন ধর্মাবলম্বী । বিভাগের ১৯টি আসনেই ভোটের সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। প্রধান দল বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, তাদের দলীয় সমর্থকরা প্রকাশ্যে সক্রিয় থাকলেও মাঠের বাস্তবতা বলছে এই নির্বাচনে দৃশ্যমান লড়াইয়ের পাশাপাশি বড় ভূমিকা রাখতে পারে ‘নীরব ভোট’।

বিদ্রোহী প্রার্থী, জোটের সমঝোতা, সংখ্যালঘু ভোট, চা–শ্রমিক এবং অরাজনৈতিক সংগঠন ও পীর আলেমদের প্রভাব সব মিলিয়ে জয়–পরাজয়ের অঙ্ক বদলে যেতে পারে কয়েকটি আসনে।

বিভাগের চার জেলায় মোট ২ হাজার ৮৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ১২৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ছক।

সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১৯টি সংসদীয় আসনে অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ৪৫১টি এবং মৌলভীবাজারে ২২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রথমবারের মতো পুলিশ সদস্যদের শরীরে থাকছে ‘বডি-ওর্ন ক্যামেরা’। কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের পরিস্থিতি লাইভ মনিটরিং করা হবে। সীমান্ত আসনগুলোতে ড্রোন নিয়ে দায়িত্ব পালন করবে বিজিবি।

সিলেট জেলায় মোট ১ হাজার ১৬টি কেন্দ্রের মধ্যে ২১৭টি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নগরীর ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসব কেন্দ্রে সংস্কার ও সীমানা প্রাচীর না থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সুনামগঞ্জ জেলার ৬৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৫১টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দুর্গম হাওরাঞ্চলে রয়েছে ১৫৭টি কেন্দ্র। এসব কেন্দ্রে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কঠিন হওয়ায় হেলিকপ্টারের সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানিয়েছেন, প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি এবং ১ হাজার ১০০ সেনা সদস্য মোতায়েন থাকবে।

হবিগঞ্জ জেলায় ৬৪৭টি কেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ, যার ১০৩টি অতি ঝুঁকিপূর্ণ। জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, প্রথমবারের মতো বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং ১৭ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে।

মৌলভীবাজার জেলায় ৫৫৪টি কেন্দ্রের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ। জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো গোলযোগ হলে মোবাইল টিম যাতে ১-২ মিনিটের মধ্যে পৌঁছাতে পারে, সেভাবে ফোর্স বিন্যাস করা হয়েছে।

নির্বাচনের দিন প্রতিটি সাধারণ কেন্দ্রে ২ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩-৪ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নগরীর ২৯৪টি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমাদের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।”ভোটারদের আশ্বস্ত করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট, বাক্স

বুধবার সকাল থেকেই সিলেটের প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।

এবারের নির্বাচনে ভোটাররা দুটি ভিন্ন রঙের ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট ব্যবহার করা হবে। ভোটগ্রহণ চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ৪টি জেলায় ১৯টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ লাখ ৫৫ হাজার ৮৫৪ জন এবং নারী ভোটার ৪৪ লাখ ১২ হাজার ১৩৩ জন। বিভাগজুড়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২,৮৮১টি।

গ্রামে যাচ্ছেন ভোটাররা

ভোট উৎসবে যোগ দিতে গ্রামে যাচ্ছেন ভোটাররা। মঙ্গলবার থেকেই যাওয়া শুরু হয়েছে। সড়ক ও রেলপথ সবখানেই ঘরমুখো মানুষের ঢল।

আবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। একইসঙ্গে সিলেটে বসবাসরত অন্য জেলার ভোটাররাও ছুটছেন নিজ নিজ গন্তব্যে।

মঙ্গলবার ঢাকা-সিলেট রুটে যাত্রীদের চাপ বাড়ে কয়েকগুণ। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। ট্রেনের বগিগুলোতে তো বটেই, জীবনের ঝুঁকি নিয়ে ছাদের ওপর চড়েও শত শত মানুষকে সিলেটে ফিরতে দেখা গেছে। শুধু রেলপথে নয়, সড়কপথেও যাত্রীদের চাপ চোখে পড়ার মতো।

তামাবিল স্থলবন্দর ৫ দিন বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পাঁচ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা পাঁচ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। সোমবার সকাল থেকে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।

সারদা হলে মুকাতাদির- মাওলানা হাবিব হাতিমবাগে ভোট দিবেন

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় সারদা হল ভোট কেন্দ্রে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও নির্বাচনী প্রধান এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।

এদিকে, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলা হাবিবুর রহমান বৃহস্পতিবার সকাল ৮ টায় নগরীর শিবগঞ্জ হাতিমবাগে স্কলার্সহোম স্কুল ও কলেজ সেন্টার ভোট দিবেন। সিলেট মহানগর জামায়াত আমীর ও জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএমপির ৭ দফা নির্দেশনা

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ৭টি জরুরি নির্দেশনা সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন