বাগেরহাট সদর উপজেলার কাচারিবাড়ি হয়ে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল থেকে বারাকপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে দীর্ঘ ১৭ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া। খানাখন্দে ভরা সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
এই রাস্তা বর্তমানে খানাখন্দের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে স্বজনদের। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও শহরমুখী মানুষের চলাচলের জন্য এই রাস্তা গুরুত্বপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল, বাস চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা । ফলে পথচারীদের হাঁটাচলাই কষ্টকর হয়ে পড়ে। স্কুল পড়ুয়া শিক্ষার্থী শামীমা আক্তার জানায়, ‘এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন স্কুলে যাই, কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে বৃষ্টির সময় আমাদের চরম অসুবিধা মধ্যে পড়তে হয়। অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়ে যায়।’
জাবের হোসেন বলেন, ‘নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আর কোনো খবর থাকে না। দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।’
বাগেরহাট জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রশিদ বলেন, ‘রাস্তা আমাদের নজরে এসেছে। এ বিষয় নিয়ে এমপির সঙ্গে কথা হয়েছে । যত দ্রুত সম্ভব সংস্কার করা যায়, সে বিষয়ে আমাদের পরিকল্পনা আছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

