কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে সিমরান (৬ মাস) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু কুমিল্লা নগরীর নূরপুর এলাকার বাসিন্দা মো. শিমুল মিয়ার মেয়ে। জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত শিশু বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে সিমরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুদের নিয়মিত ও সময়মতো টিকা গ্রহণ না করানো এবং অভিভাবকদের অসচেতনতার কারণেই মূলত হামে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার বেড়েছে। তবে আশার কথা হলো, আগের তুলনায় বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৮৭ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন