আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ক্ষতির শঙ্কায় কৃষক

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ক্ষতির শঙ্কায় কৃষক

শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষতির শঙ্কায় পড়েছেন ধান ও সবজিচাষিরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ইফতারের পর থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। এরপর ৮টার দিকে দমকা হাওয়া আর বৃষ্টি শুরু হয়। পরে হঠাৎ করেই কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি দেখা দেয়। বিশেষ করে ঝিনাইগাতী সদর বাজার, ধানশাইল, মালিঝিকান্দা ইউনিয়নে প্রচুর শিলা পড়তে দেখা যায়।

বিজ্ঞাপন

এদিকে শ্রীবরদী উপজেলার রানী শিমুল, কুড়িকাহানিয়া, গোসাইপুর ও খড়িয়া কাজীর চর ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে।

ভয়েজ অব ঝিনাইগাতীর আহ্বায়ক জাহিদুল হক মনির বলেন, আকস্মিক এই শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। পাশাপাশি কৃষকদের ধানের জমি ও বিভিন্ন সবজিক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তথ্য সংগ্রহের কাজ করছি। কৃষি খাতে ক্ষতির বিষয়টি কৃষি বিভাগ দেখবে। যদি কৃষকদের ক্ষতি হয়ে থাকে, তাহলে কৃষি প্রণোদনার মাধ্যমে সহায়তার সুযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, যাদের ঘরবাড়ি বা টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে যোগাযোগ করলে এবং ফান্ড থাকলে ক্ষতিগ্রস্তদের টিনসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...