নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ শিক্ষাজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ ১৯৬৮ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৫ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নীলফামারী সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সঙ্গে অধ্যাপনা করেন।
দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি ওই কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
শিক্ষা প্রশাসনে তার দক্ষতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘ অভিজ্ঞতা দিনাজপুর শিক্ষা বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
নতুন দায়িত্ব পাওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

