আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন

স্টাফ রিপোর্টার, পাবনা

ঘাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন

পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তবে গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখে।

পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির আরেকটি অংশ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই সোমবার দুপুরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন,

‘দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই জড়িত। আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন