আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন
শাইখ আব্দুল মালেক। ছবি: আমার দেশ

মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দীন অনুষদের তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৃতী সন্তান শাইখ আব্দুল মালেক। এর মাধ্যমে তিনি পঞ্চগড় জেলার প্রথম আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানা যায়, শাইখ আব্দুল মালেক আজহারী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হানিফ আলী ও মরহুমা জেলেমন নেছা দম্পতির সন্তান।

বিজ্ঞাপন
amar desh - 2026-07-15T110249.537

শাইখ আব্দুল মালেকের শিক্ষাজীবনের সূচনা হয় দেবীডুবা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ২০১২ সালে দেবীগঞ্জ পৌরসভার কামাতপাড়াস্থ শেখ হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন।

২০১৪ সালে দেবীগঞ্জ জমিরউদ্দিন দাখিল মাদরাসা থেকে জেডিসি, ২০১৬ সালে নীলফামারীর সংগলশী হাজীপাড়া আলিম মাদরাসা থেকে দাখিল এবং ২০১৮ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

শাইখ আব্দুল মালেক উচ্চশিক্ষার লক্ষ্যে ২০২১ সালে মিশরের কায়রোস্থ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দীন অনুষদের তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স বিভাগে ভর্তি হন। পাঁচ বছরের অধ্যয়ন শেষে গত ৯ জুলাই প্রকাশিত ফলাফলে তিনি একই বিভাগ থেকে সফলতার সঙ্গে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে শাইখ আব্দুল মালেক আজহারী ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট (IIOI)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (Founder & CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন কুরআন গবেষক, ইসলামী শিক্ষাবিদ ও দাঈ হিসেবে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে কুরআন অনুধাবন, তাফসীর, হাদিস, ফিকহ, আরবি ভাষা এবং ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শাইখ আব্দুল মালেক আজহারী বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করতে পারা মহান আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ। এই অর্জনের পেছনে যাঁদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা রয়েছে, বিশেষ করে আমার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শিক্ষকগণ, দেশ-বিদেশের সব শুভাকাঙ্ক্ষী এবং পঞ্চগড়ের দেবীগঞ্জসহ আমার এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে কুরআন ও সুন্নাহর আলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাওফীক দান করেন এবং আমার এই ক্ষুদ্র জ্ঞানকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজে লাগানোর সামর্থ্য দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

শাইখ আব্দুল মালেকের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তার শিক্ষাজীবনের অন্যতম ভিত্তি শেখ হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও পরিচালকরাও।

এ বিষয়ে শেখ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক আবু বক্কর সিদ্দিক মামুন বলেন, আব্দুল মালেক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিলেন। আমাদের মাদরাসা থেকেই তিনি ২০১২ সালে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। আমরা সবসময় তার শিক্ষা ও নৈতিক বিকাশে সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি।

ধারাবাহিক অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আমাদের প্রতিষ্ঠান, দেবীগঞ্জ উপজেলা এবং সমগ্র পঞ্চগড়বাসীর জন্যও গর্বের বিষয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দ্বীনের খেদমতে আরও বড় অবদান রাখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি।

পঞ্চগড় জেলার প্রথম আল-আজহার স্নাতক হিসেবে শাইখ আব্দুল মালেক আজহারীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার জন্যও একটি গৌরবের বিষয়। ধর্মীয় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য তাঁর এ সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন