আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে মাদক ব্যবসা ও আধিপত্যের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে মাদক ব্যবসা ও আধিপত্যের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে কামরুজ্জামান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে টঙ্গীর দত্তপাড়া কনফিডেন্স মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামাল উদ্দিনের দুই ছেলে শামসুদ্দিন (৩২) ও পলাশ (৩০), একই এলাকার নমির মিয়ার ছেলে রনি (২২)।

নিহত কামরুজ্জামান টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে কামরুজ্জামানের সাথে দীর্ঘদিন ধরে দত্তপাড়া আলম মার্কেট এলাকার শামসুদ্দিন, পলাশ ও রনির দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তারা। পরে ওই এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এসময় তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ওই দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আশংকজনক অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে ঢামেকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন