ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে কবর থেকে লাশ উত্তোলন নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় নতুন করে লাশ উত্তোলনের সিদ্ধান্তের তেমন কোনো যৌক্তিকতা দেখছেন না তিনি।
তার ভাষ্য, দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হয়েছিল, সেখানে ডাক্তার, পুলিশ ও সাংবাদিকরা সবাই লাশে অবস্থা স্বাভাবিক দেখেছেন। অথচ প্রতিবেদনে বলা হয়েছে, বডি ডিকম্পোজড ছিল। এখান থেকেই বোঝা যায় কোথাও গড়মিল রয়েছে। এখন আবার এসব প্রহসনের কোনো অর্থ হয় না।
মামলার তদন্তের বিভিন্ন পর্যায়ে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন নীলা চৌধুরী। তার দাবি, নানা চাপ ও প্রভাবের কারণে তদন্তের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে।
পূর্বে লাশ উত্তোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শুরুতে পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পরে মামলাটি সিআইডির কাছে গেলে আমরা আশাবাদি হয়েছিলাম। দুবার লাশ উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বারও সবকিছু পরিষ্কার ছিল। এরপরও কেন একই প্রক্রিয়া বারবার করা হচ্ছে, তা আমার বোধগম্য নয়।
তদন্ত সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নীলা চৌধুরীর দাবি, তদন্তের সঙ্গে যুক্ত কিছু চিকিৎসকও বিভিন্ন সময়ে চাপের মুখে দায়িত্ব পালন করেছেন বলে তিনি তথ্য পেয়েছেন। তবে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমি আইনের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই মেনে চলব। এখন দেখব পরবর্তী সময়ে কী হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে সময় ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও পরবর্তীতে এটি হত্যা মামলায় রূপ নেয়।
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আলোচিত এই মৃত্যুরহস্য ঘিরে নতুন করে আদালতের নির্দেশ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-বহুল আলোচিত সেই বিতর্কের চূড়ান্ত মীমাংসা হবে কি না, সেদিকেই এখন সবার দৃষ্টি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

