নজরুলের গান, নজরুলের সুর —সেই সুরে ভেসে হাজীগঞ্জের এক সাধারণ ছেলে আজ হয়ে উঠেছে সারা দেশের গর্ব। তার নাম শামছুত তাবরীজ সায়েম।
জাতীয় নজরুল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘জাতীয় নজরুল বর্ষসেরা’ কণ্ঠ প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সমগ্র বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সে।
তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগ ওড়পুর, মাজার গেইট। চট্টগ্রাম বিভাগের হয়ে সে এই সম্মান বয়ে এনেছে।
এই পথটা সহজ ছিল না। প্রথমে মহানগর, তারপর থানা, তারপর জেলা, তারপর বিভাগ— প্রতিটি ধাপে প্রথম হয়ে সে প্রমাণ করেছে, প্রতিভা থাকলে কোনো বাধাই বাধা নয়। দেশের আট বিভাগের সেরাদের মধ্যে জাতীয় মঞ্চে দাঁড়িয়ে জয় করেছেন সবার মন।
গত দুই থেকে তিন মাস আগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সম্মাননা সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে তুলে দেন চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা।
তার এই কৃতিত্বে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়ার পর আগামী বছর তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে।
শামছুত তাবরীজ সায়েমের এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি তার মা-বাবা। খুশি তার শিক্ষকগণ, যাদের শাসন আর ভালোবাসায় সে বড় হয়েছে। খুশি তার আত্মীয়-স্বজন, খুশি তার পাড়া-প্রতিবেশী, খুশি পুরো হাজীগঞ্জবাসী।
শামছুত তাবরীজ সায়েম আবেগভরা কণ্ঠে বলেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, তা আমার মা-বাবার দোয়ায় হয়েছি। আমার শিক্ষকদের দোয়া, আমার আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরও এগিয়ে গিয়ে আমাদের হাজীগঞ্জের নাম, চাঁদপুরের নাম, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


