পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে।
রোববার মাছটি আশাখালী মৎস্যবন্দরে আনা হলে দেখতে ভিড় করে মানুষ। পরে মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে নিলামে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা মাছটি কিনে নেন।
জেলে নূর আলম বিশ্বাস জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জালে এত বড় ইলিশ পেয়েছেন। বাজারে এনে ভালো দাম পাওয়ায় তিনি খুশি। তার ভাষ্য, বড় মাছ ধরা পড়লে জেলেদের মধ্যে আনন্দ তৈরি হয়। আর ভালো দাম পেলে পরিবারের খরচ মেটানো সহজ হয়।
মাছটির ক্রেতা মামুন মৃধা জানান, আড়তে মাছটি আসার পর নিলামে অংশ নিয়ে কিনেছেন। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। ভালো দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, ‘আশাখালী বন্দরে বড় ইলিশ উঠলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। বিশেষ করে দুই কেজির বেশি ওজনের ইলিশ বাজারে খুব একটা পাওয়া যায় না। এ কারণে মাছটির দামও ভালো উঠেছে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী আমার দেশকে বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম মেনে চলা জরুরি। জেলেদের নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

