আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত লাইলী বেগম (৪০) নামের এক রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। মৃত লাইলী বেগম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৮৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।

তিনি বলেন, রোগীর সংখ্যা বেড়ে গেলে সেবার মান কমে যায়। তাই ডেঙ্গু থেকে বাঁচতে মশার বিস্তার রোধ করতে হবে। এ ক্ষেত্রে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। আগামী বর্ষা মৌসুমে আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। সে ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২,৫৮৩ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৩৮ জন, এবং মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি; মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১,৬২৬ জন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন