এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা, গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো

এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা, গ্রেপ্তার ২

খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

মঙ্গলবার রাতে মহানগরীর খানজাহান আলী থানার মহেশ্বরপাশা ও ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি-৬ স্পেশাল কোম্পানি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাজমীর ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি আকাশ (২২) এবং ৪ নম্বর আসামি সাকিবকে (২১) গ্রেপ্তার করা হয়।

আকাশ খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং সাকিব দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটের সামনে ‘তন্বী স্টোর’ নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর তাকে এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে গ্রেপ্তার দুই আসামিসহ অন্যরা মারধর করে গুরুতর জখম করেন। পরে তাকে কুয়েট ক্যাম্পাস মেডিকেলের সামনে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

পরে মামলার ১ ও ২ নম্বর সাক্ষী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সাজমীরের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন