খুলনায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল।
তল্লাশির একপর্যায়ে বাসটির ভেতর পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তা হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

