আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক খালেদা জিয়া

খুলনা ব্যুরো

সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে খুলনায় নাগরিক শোকসভায় বক্তারা বলেন, বেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম স্থপতি। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেওয়া একজন জাতীয় নেত্রী। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের যে ঐতিহাসিক সূচনা খালেদা জিয়া করেছিলেন, জাতি এজন্য চিরদিন তার কাছে ঋণী থাকবে।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় তারা এসব কথা বলেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ক্ষমতায় থাকলে অনেক সময় অহংকার, দাম্ভিকতা ও কর্তৃত্ববাদী আচরণ নেতাদের মধ্যে দেখা যায়। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে এসবের প্রকাশ কখনো দেখা যায়নি। দেশ শাসন কিংবা দল পরিচালনা উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সহজ-সরল, সাদা-সিধে জীবনযাপনে অভ্যস্ত। সবাইকে নিয়ে চলার মতো উদার মানসিকতার অধিকারী।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে খুলনার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সরাসরি সময় দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত ও জননিরাপত্তার বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। খুলনার এমপিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে বরাদ্দ প্রদান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার ভূমিকা খুলনাবাসী আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

শোকসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বক্তারা আশা প্রকাশ করেন, তার আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও উদার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন এমইউজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন