ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পৃথক দুই ঘটনায় বিএনপির দুই নেতাকে টাকাসহ আটক করেছে যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক সোহাগ মল্লিককে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নোটের ১৭ হাজার টাকা জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
অপরদিকে, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম ওরফে অলি মেম্বারকে আওরাবুনিয়া বাজার এলাকা থেকে টাকাসহ বেলা ১১টায় সময় আটক করা হয়। পরবর্তীতে তাকেও মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

