কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

রাজশাহী অফিস

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি স্থানীয় কয়েকজন বাসিন্দার হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

রাসিক সূত্র জানায়, এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় আকারের ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নিয়েছি। কোরবানির মাংস যাতে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যায় এবং বর্জ্য দ্রুত অপসারণ করা সম্ভব হয়, সে লক্ষ্যেই প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে।’

কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে রাসিক প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাজশাহী নগরী উপহার দেওয়া সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...