মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের নিমুক পুরুড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুর শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল আমিন মিয়া। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী আয়েশা আক্তার জানান, প্রায় সাড়ে ৮ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান আল আমিন। তিনি ছুটি পেলে নিয়মিত বাড়িতে আসতেন। তাদের সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সর্বশেষ তাদের ছোট মেয়ের বয়স মাত্র তিন মাস।

তিনি আরও বলেন, “আমার স্বামীকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। ছোট ছোট সন্তানদের নিয়ে কিভাবে সংসার চালাবো তা নিয়ে আমি খুবই চিন্তিত। সন্তানদের লেখাপড়া ও ভরণপোষণ নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। আমার স্বামীর মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।”

নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...