স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রঙের একটি টয়োটা সিএইচআর প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পোটলা থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের সময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অত্যন্ত উদ্বেগজনক। স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...