এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত
নুসরাত তাবাসসুমের ফেসবুক পেজ থেকে নেওয়া। ছবি: আমার দেশ

জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ফেসবুকে লিখেছেন, বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী!!

বিজ্ঞাপন

পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!!

আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।

যাই হোক, এই স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমিও কোন জবাব চাই না।

কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থকসহ নাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই,

আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?

আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত??

ছিহ!

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান’ গ্রামের পুরাতন বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এছাড়া দু’টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তবে কারা এ আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসসুম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতরাতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...