পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ পুরাণ বাজার সংলগ্ন এলাকা থেকে তুহিন (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুহিন ওই এলাকার বাসিন্দা মো. মনির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের করা একটি মামলায় তুহিনের বাবা মনির হাওলাদার বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে মা শেফালী বেগম বাপের বাড়িতে অবস্থান করায় দীর্ঘদিন ধরে বাড়িতে প্রায় একাই বসবাস করত তুহিন। সোমবার সকালে খালি ঘর থেকেই তার ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তুহিনের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন জানান, কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

