বোরহানউদ্দিনে মুদিদোকানে মিলল টিসিবির ডাল, ডিলারের খোঁজে প্রশাসন

বোরহানউদ্দিনে মুদিদোকানে মিলল টিসিবির ডাল, ডিলারের খোঁজে প্রশাসন
বোরহানউদ্দিন পৌর পূর্ববাজারের এক মুদিদোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল উদ্ধার। ছবি: আমার দেশ

ভোলার বোরহানউদ্দিনে টিসিবির মসুর ডাল খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করা হয়েছে। এসময় ওই দোকান থেকে ১৩ বস্তা ডাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলারের খোঁজে মাঠে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মুদিদোকানি জসিমের দোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। এসময় জসিমকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক মুদিদোকানি জসিম সাংবাদিকদের জানান, কাচিয়া চৌমুহনী বাজারের টিসিবি ডিলার জুয়েলের কাছ থেকে তিনি ১৩ বস্তা মসুর ডাল কিনে এনেছেন।

অভিযান পরিচালনাকারী বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার বিকেলে পৌর পূর্ববাজারে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে টিসিবির ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়েছে এবং মুদিদোকানি জসিমকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, টিসিবির ডিলারের সন্ধান চলছে। ডিলারকে পাওয়া গেছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন