বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের পিতৃপরিচয় নিয়ে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। একই নবজাতককে নিজেদের সন্তান দাবি করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দুই যুবক হাসপাতালে হাজির হওয়ায় সেখানে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে একপক্ষ হাসপাতাল ত্যাগ করলেও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে।
সোমবার দুপুরে বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তা নামের এক নারী ওই হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেন। প্রসবের সময় তার পাশে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাস চন্দ্র নামের এক যুবক, যিনি নিজেকে ওই নবজাতকের বাবা ও শান্তার স্বামী হিসেবে দাবি করেছিলেন।
তবে এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে এসে হাজির হন এমদাদুল হক নামের আরেক যুবক। তিনি নিজেকে নবজাতকের প্রকৃত জন্মদাতা পিতা দাবি করে বলেন, ২০২১ সালে শান্তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন এবং তারা ঢাকার জিনজিরা এলাকায় বসবাস শুরু করেন। এমদাদুল আরো দাবি করেন, সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে শান্তা তার বাপের বাড়ি আসেন। এসময় তিনি তাদের বিয়ের কাবিননামা ও বৈধ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণপত্র উপস্থিত লোকজনের সামনে প্রদর্শন করেন।
প্রথম স্বামী হিসেবে এমদাদুল হকের এমন দাবির পরপরই সুভাস নামের দ্বিতীয় যুবকটি হাসপাতাল থেকে সরে যান। ফলে এ বিষয়ে সুভাসের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে প্রসূতি শান্তা দাবি করেছেন যে, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও তিনি নন। তবে এমদাদুল কর্তৃক প্রদর্শিত কাবিননামা ও অন্যান্য প্রমাণাদির বিষয়ে তিনি কোনো স্পষ্ট সদুত্তর দিতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম স্বামীর সংসার করার পাশাপাশি শান্তা নিজের বিয়ের কথা গোপন রেখে ২০২৪ সালে বাকেরগঞ্জের সুভাসের সঙ্গে আরেকটি সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। চাকরির সুবাদে ঢাকায় থাকার কথা বলে তিনি প্রথম স্বামীর সংসার করতেন, আবার বাপের বাড়ি যাওয়ার নাম করে দ্বিতীয় স্বামীর সংসারও সামলাতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া কিংবা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে কি না, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নবজাতকের প্রকৃত পিতৃপরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



