আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন, অতঃপর মৃত্যু

বরিশাল অফিস ও বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন, অতঃপর মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ কিশোরীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তারকে (১০) দীর্ঘদিন ধরে একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাইসা আক্তার একা রাস্তায় যাওয়ার সময় সিফাত শিকদার তার পথ রোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে ভর্তির কিছু সময় পরই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার পর রাইসা মারা যায়।

এদিকে রাতেই গায়ে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে রাইসা তার জবানবন্দিতে সিফাতকে অভিযুক্ত করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে রাইসার বাবা নজরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মেয়েকে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিফাত শিকদারের বাবা জালাল শিকদার বলেন, ঘটনার সময় তার ছেলে নদীর পাড়ে গোসল করতে গিয়েছিল। পরে তিনি শুনেছেন, রাইসা আগুনে দগ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত নয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনার পর এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন