বরিশালের মেহেন্দীগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ফকির মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান তিনি। টাকা না পেয়ে একপর্যায়ে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন রবিউল। বাগ্বিতণ্ডার একপর্যায়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবাকেও মারধর করেন রবিউল। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা সামসুল হক বলেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের একপর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল ফকির তার মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

