মন্ত্রী-এমপি, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের মালিকের ছেলেমেয়ে কিংবা ঢাকাই চলচ্চিত্রের নায়ক-নায়িকার বিয়েতে যেভাবে সানাই বাজে, হাজারো মানুষের সমাগম ঘটে এবং ভোজের আয়োজন করা হয়, ঠিক সেভাবেই সব নিয়ম মেনে অনুষ্ঠিত হবে এক ব্যতিক্রমী বিয়ে।
তবে এ বিয়েতে বর কোনো মানুষ নন, একটি পাকুড়গাছ। আর কনে একটি বটগাছ। পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই দুই গাছের বিয়েকে ঘিরে এখন উৎসবের আমেজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে।
আগামী ২৭ নভেম্বর সনাতন ধর্মীয় রীতি মেনে বিয়ে হবে পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের। এ বিয়েকে ঘিরে গ্রামজুড়ে চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের দাওয়াতপত্র। আয়োজকদের আশা, সহস্রাধিক মানুষের সমাগমে বর্ণিল আয়োজনে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ ও একটি পাকুড়গাছ পাশাপাশি জড়াজড়ি করে বেড়ে উঠেছিল।
২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো এই জুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় লোকজন পাশেই নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় চারা দুটি এখন বেশ বড় হয়েছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা গাছ দুটিকে এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিয়ের আগে বর-কনের নামও ঠিক করা হয়েছে। পাকুড়গাছটির নাম রাখা হয়েছে তীর্থ শিকদার। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে গাছটিকে। অন্যদিকে, বটগাছটির নাম রাখা হয়েছে শুক্লা সরকার। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে তাকে। প্রথমে চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার এ নাম দুটি প্রস্তাব করেন। পরে গ্রামবাসী তাতে সম্মতি জানান।
বিয়েতে পুরোহিত মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুভদৃষ্টি ও সাতপাকে বাঁধবেন নবদম্পতিকে। সানাইয়ের সুর, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে বিয়েতে। আয়োজনের ব্যয় বহন করবেন গ্রামবাসী।
সরেজমিনে রুহিৎপুর গ্রামে গিয়ে গাছের বিয়ের কথা জানতে চাইতেই স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। গ্রামের একটি চায়ের দোকানের সামনে চা পান করছিলেন অখিল চন্দ্র দাস (৬০)। বেশ আগ্রহ নিয়ে তিনি দেখিয়ে দিলেন গাছ দুটি।
গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া পুরোনো গাছ দুটির গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। এর পাশেই দাঁড়িয়ে আছে হবু বর-কনে। চিকন হলেও পাকুড়গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট। আর বটগাছটির উচ্চতা প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে ইট-সিমেন্টের গোলাকার বেষ্টনী রয়েছে। এর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ পাশে আরও দুটি বটগাছ দেখা যায়।
অখিল চন্দ্র দাস জানান, ভেঙে পড়া বটগাছের শিকড় থেকেই ওই দুটি গাছের জন্ম। এলাকাবাসী সেগুলোরও যত্ন নেন।
গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, ভেঙে পড়া গাছ দুটির সঠিক বয়স কেউ জানেন না। তার জন্মের পর থেকেই তিনি গাছ দুটি দেখে আসছেন। তার বাবা ও দাদারাও গাছ দুটি দেখেছেন। গাছের পাশের জায়গায় প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হতো। তাদের এলাকার পরিচিতিই ছিল গাছ দুটিকে ঘিরে। তার ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল।
তিনি বলেন, ‘তিন বছর আগে হঠাৎ ঝড়ে জোড়া বট ও পাকুড়গাছ পড়ে যায়। গাছের গোড়া অর্ধেক উপড়ে গিয়েছিল। রাস্তার ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ কাটার লোক ডাকা হয়েছিল। কিন্তু গাছ দুটি অনেক পুরোনো, সেখানে পূজা-অর্চনাও হতো। এ কারণে কেউ কাটতে রাজি হননি। পরে রাস্তা পরিষ্কার করে গাছ দুটি পাশে সরিয়ে রাখা হয়। পাশের জায়গা পরিষ্কার করে আমরা নতুন করে বট ও পাকুড়গাছের চারা রোপণ করি। গাছ দুটি এখন বেশ বড় হয়েছে। শাস্ত্রমতে তাদের বিয়েও দিতে হবে।’
গ্রামের বাসিন্দা লিটন মিয়া (৪৫) বলেন, ‘আমরাও একসময় গাছ দুটির ছায়ায় বসতাম। হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা করতেন। এখন ভক্তরা গাছ দুটির বিয়ের আয়োজন করছেন। বিষয়টি আমাদের জন্যও আনন্দের। আমরা বট-পাকুড় গাছের বিয়েতে অনেক আনন্দ করব।’
আয়োজকেরা জানান, বিয়েতে সানাই বাজবে, গ্রামে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। থাকবে মধ্যাহ্নভোজের আয়োজনও। তবে দাওয়াতপত্র শুধু সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় লোকজন দাওয়াত ছাড়াই বিয়ের ভোজে অংশ নেওয়া এবং বর-কনেকে দেখার অপেক্ষায় রয়েছেন। পুরো আয়োজনের ব্যয় বহন করবেন গ্রামবাসী।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তাঁর দুই মেয়ে রয়েছে। তিনি বলেন, ‘একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হবে। এ বিয়েতে কোনো যৌতুক থাকবে না।’
কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়েকে হারানোর সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন।
পবিত্র কুমার সরকারের ভাষ্য, ‘সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও হয়। এই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার মেয়ের সঙ্গে কারও বিবাদ হবে না। বর-কনে আজীবন পাশাপাশি থাকবে। আমি আর চিত্ত রঞ্জনও সারা জীবন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকতে পারব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

