বরিশাল সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, শহর সুন্দর ও পরিষ্কার করে রাখতে হবে। কোনো অন্যায় ও দুর্নীতি সিটি করপোরেশনের কাউকে যেন স্পর্শ করতে না পারে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। সবাই মিলে বরিশালকে তিলোত্তমা করে গড়ে তুলতে হবে।
বুধবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিরিন বলেন, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পরিছন্নতাকর্মীদের হাতে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আমি বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর এ ধরনের একটি মহৎ কাজের মধ্য দিয়ে আমার কাজ শুরু করতে পারছি বলে মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।
বিসিসি প্রশাসক বলেন, যাদের শ্রমের মাধ্যমে, যাদের পরিশ্রমের মাধ্যমে এবং শরীরের ঘাম ঝরিয়ে যারা এ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন তারা হচ্ছেন আপনারা। সামান্য বেতনে অনেক কষ্ট করে আপনাদের পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হচ্ছে।
আপনাদের অনেক কিছু দেওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় করপোরেশনের পক্ষ থেকে সে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হয় না। আপনাদের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া টাকা মোট ১ হাজার ৩৭৮ জনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা।
এ সময় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিটি করপোরেশনের কর্মকর্তা এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

