বরগুনার বেতাগী উপজেলায় গড়ে ওঠা ক্ষুদ্র পোশাক কারখানা ‘গ্রীন লিভ ফ্যাশন’ স্থানীয় কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় বর্তমানে ২৫ জন শ্রমিক কাজ করছেন, যাদের একটি বড় অংশই নারী। বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী নারীদের আয়ের সুযোগ তৈরি হওয়ায় উদ্যোগটি গ্রামীণ অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে। উপকূলীয় এ জনপদে বড় কোনো শিল্পাঞ্চল না থাকায় কাজের খোঁজে এখানকার মানুষকে সাধারণত ঢাকা, সাভার বা চট্টগ্রামের মতো দূরবর্তী শহরে পাড়ি দিতে হয়। পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে নারীদের পক্ষে ঘর ছেড়ে দূরে গিয়ে কাজ করা বেশ কঠিন। এই কারখানাটি বাড়ির কাছেই সেই সুযোগ এনে দিয়েছে। এখানে নারীরা সেলাই, কাপড় কাটা ও প্যাকিংয়ের কাজে যুক্ত হয়ে নিয়মিত আয় করছেন।
সংশ্লিষ্টদের মতে, ঈদ ও পূজাসহ বিভিন্ন উৎসবে স্থানীয় বাজারে তৈরি পোশাকের চাহিদা মেটাতে এই ক্ষুদ্রশিল্প বড় ভূমিকা রাখতে পারে। বড় শহরের তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় সাশ্রয়ী মূল্যে পোশাক সরবরাহ করাও সম্ভব। তবে এই শিল্পের টেকসই বিকাশের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আধুনিক ডিজাইন প্রশিক্ষণ এবং সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রয়োজন। উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যথাযথ সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও তৃণমূলের অর্থনৈতিক উন্নয়নে এই মডেলটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

