উদ্ধার অভিযান চলছে

চরমোনাই মাহফিলে আসা রিজার্ভ লঞ্চ ডুবি

বরিশাল অফিস

চরমোনাই মাহফিলে আসা রিজার্ভ লঞ্চ ডুবি

বরিশালের চরমোনাই বাৎসরিক মাহফিলে আসা যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ লঞ্চটি নদীতে ডুবে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবরী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রয়োজনে উদ্ধারকারী জাহাজ হামজা বরিশাল নগরী থেকে ঘটনাস্থল চরমোনাইর পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে চরমোনাই মাহফিলে উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি মানিক-৪ নামের লঞ্চটি। বুধবার দিবাগত রাতে জোয়ারের সময় চরমোনাই মাহফিল সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে নোঙ্গর করে একটি গাছের সাথে বেঁধে রাখা হয় লঞ্চটি।

বিজ্ঞাপন

এসময় নদীতে জোয়ারের কারণে পানি বেশি থাকায় নদীর তীরে বালুর বস্তার উপর উঠে যায় লঞ্চটি। পরে বুধবার দুপুরে ভাটা শুরু হলে নদীর পানি কমতে থাকে। লঞ্চটি নদীর তীরে শক্ত করে বাঁধা অবস্থায় ছিলো। নদীর পানি কমে যাওয়ার একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে নদীতে ডুবে যায়। তবে লঞ্চের সকল যাত্রী চরমোনাই মাহফিলের ময়দানে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চ ডুবির পরপরই লঞ্চের সকল স্টাফ পালিয়ে গেছে।

ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুরের পরপরই বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত লঞ্চ ডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম সরিয়াতুল্লাহ। তিনি বলেন, লঞ্চ ডুবির ঘটনায় কোন হাতা হাতের ঘটনা ঘটেনি তবে মুসল্লিদের মাল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে বরিশাল বিআইডব্লিটিউএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার আলী আমার দেশকে বলেন, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে বিআইডব্লিটিএ, ফায়ার সার্ভিস ও ডুবরিরা যৌথভাবেই কাজ করছে। লঞ্চটির বর্তমান অবস্থান পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই বিআইডব্লিউচটএর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হবে। তবে এখনো হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন