পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘সোলজারফিশ’, যা ‘সৈনিক মাছ’ নামেও পরিচিত।
বৃহস্পতিবার আলিপুর মৎস্য বন্দরের ‘সিফাত ফিশ’ আড়তে উজ্জ্বল লাল-গোলাপি বর্ণের আকর্ষণীয় মাছটি আনা হলে একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। স্থানীয়ভাবে মাছটি অপরিচিত হওয়ায় এটি খাবার উপযোগী কি না তা নিশ্চিত না হওয়ায় বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে।
জানা গেছে, ‘মায়ের দোয়া’ ট্রলারের মাঝি ইদ্রিস তিন-চার দিন আগে গভীর সমুদ্রে ইলিশ, পোয়া ও অন্যান্য মাছ ধরার সময় এই বিরল সোলজারফিশটি জালে পান। আগে কখনো এমন মাছ না দেখায় তিনি সেটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসেন।
ট্রলারের মাঝি ইদ্রিস বলেন, ‘গভীর সমুদ্রে মাছটি জালে উঠে আসে। দেখতে খুব সুন্দর হওয়ায় আমরা এটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসি। আমার জালে এ ধরনের মাছ এই প্রথম ধরা পড়েছে।’
সিফাত ফিশের ম্যানেজার মাইনুল ইসলাম শামিম বলেন, ‘মাছটি দেখতে অনেক সুন্দর। আগে কখনো এমন মাছ দেখিনি। তাই বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, সোলজারফিশের শরীর উজ্জ্বল লাল বা গোলাপি রঙের এবং এর চোখ শরীরের তুলনায় অনেক বড়। শক্ত ও খসখসে আঁশের কারণে দূর থেকে দেখে মনে হয় মাছটি যেন বর্ম পরা কোনো সৈনিক। এরা সাধারণত দলবদ্ধভাবে চলাচল করে এবং গভীর সমুদ্রের প্রবালপ্রাচীর বা পাথুরে এলাকায় বসবাস করে। এ মাছের বৈজ্ঞানিক নাম মাইরিপ্রিস্টিস মারজান।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, ‘সোলজারফিশ হলো হলোসেন্ট্রিডি পরিবারের একটি সামুদ্রিক মাছ। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে পাওয়া যায়। ছোট মাছ, চিংড়ি, জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য। সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য রক্ষায় এ প্রজাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের উপকূলে খুব ঘন ঘন ধরা না পড়লেও বৈশ্বিকভাবে এটি বিরল নয়।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আমার দেশ-কে বলেন, ‘এটি পাইনকোন সোলজারফিশ নামেও পরিচিত। আমাদের উপকূলীয় জেলেদের জালে এ মাছ খুব কম ধরা পড়ে, তাই স্থানীয়ভাবে এটি মানুষের কাছে অপরিচিত। এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।’
উল্লেখ্য, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাম্প্রতিক সময়ে গিনি অ্যাঞ্জেলফিশ, লায়নফিশ, ফাইলফিশ, প্যারটফিশসহ বেশ কয়েকটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এতে বঙ্গোপসাগরের সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের নতুন নতুন তথ্য উঠে আসছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

