আলমডাঙ্গার উপজেলায় ৪ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত চেয়ারম্যানদের পুনর্বহালে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদে হাইকোর্টের রায়ে পুনর্বহাল চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাসকে অবরুদ্ধ করার অভিযোগকে কেন্দ্র করে ৩০ এপ্রিল উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বুধবার সকাল প্রায় ১১টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদে টানা দ্বিতীয় দিনের মতো দায়িত্ব গ্রহণ করতে আসেন চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখেন।
পরবর্তীকালে চেয়ারম্যানের নিজ গ্রাম খাদিমপুরের মসজিদের মাইকে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা বিএনপি নেতাকর্মীদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ঘটনার জেরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর শহরে হাইকোর্টের রায়ে পুনর্বহাল হওয়া আওয়ামী লীগপন্থি চার ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রতিবাদে ৩৫ থেকে ৪০ জনের একটি বিক্ষোভ মিছিল বের হয়।
অন্যদিকে, একই সময় নাগদাহ ইউনিয়ন চেয়ারম্যান ইজাজ ইমতিয়াজ বিপুলকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীকালে চেয়ারম্যানরা পদ ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ আইনিপ্রক্রিয়া শেষে আদালত চেয়ারম্যান মুজাহিদুলের পক্ষে রায় দিলে প্রশাসনের অনুমতিসাপেক্ষে তিনি ২৯ এপ্রিল পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, হাইকোর্টের রায়ে আওয়ামী লীগপন্থি চার চেয়ারম্যানের পুনর্বহালকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।
এ বিষয়ে তারা জানান, ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

