জিয়ানগরে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

জিয়ানগরে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কর্মকাণ্ড এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং উদ্যোক্তা ভাবনার নানা দিক তুলে ধরেন।

শুক্রবার সকাল ১১টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তি-ভিত্তিক চিন্তাধারাকে বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি। সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমি সুপারভাইজার অশোক রায়। এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল হোসেন এবং এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের তৈরি স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্ভাবনী ধারণা স্থান পায়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীনে পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের মেধা, বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী শক্তির বিকাশের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ আরও সমৃদ্ধ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...