আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতপাখা প্রার্থীর প্রচারে ধানের শীষ সমর্থকদের বাধা

বরিশাল অফিস

হাতপাখা প্রার্থীর প্রচারে ধানের শীষ সমর্থকদের বাধা

বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীর প্রচারে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পর গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ বাধা দেওয়ার ঘটনা ঘটে।

হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীর নিজস্ব ফেসবুক আইডি থেকে বাধা দেওয়ার সময় একটি ফেসবুক লাইভ করা হয়েছে। ওই লাইভে দেখা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় হাতপাখা মার্কার প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যার পরে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক আকস্মিকভাবে হাতপাখা মার্কার প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারে বাধা দেন। এনিয়ে বাধা দেওয়া ওই যুবকদের সাথে হাতপাখার সমর্থকদের বাক বিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হাতপাখা মার্কার সমর্থকরা অভিযোগ করে বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের কয়েকজন সমর্থক আমাদের প্রচারে বাধা প্রদান করেছে। একপর্যায়ে তারা আমাদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটে যায়।

তারা আরও জানান, ইতোমধ্যে ধানের শীষের সমর্থকরা একাধিকবার এ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এমনকি তাদের নির্বাচনি প্রচারে বাধা প্রদান অব্যাহত রেখেছে। এরইমধ্যে (শনিবার) প্রথম আমাদের হাতপাখা মার্কার প্রার্থীর প্রচারে বাধা প্রদান করে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।

হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদী বলেন, কোন ধরনের বাধা কিংবা হুমকি দিয়ে আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবেনা। এ কাজ যারা করতে যাবেন, জনসাধারণের ভালোবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের সঠিক জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। এজন্য তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...